ঢাকা, বাংলাদেশ

র‌্যাব বিলুপ্তি বা নাম পরিবর্তন সরকারের সিদ্ধান্ত: মহাপরিচালক

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব বিলুপ্ত হবে নাকি বাহিনীর নাম পরিবর্তন করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। তবে বাহিনীর সদস্যরা যদি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন, তবে সব ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাবে বলে বিশ্বাস করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) আহসান হাবীব পলাশ।

রোববার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের অস্থায়ী মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দায়িত্ব নেয়ার পর এটিই ছিল গণমাধ্যমের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।


র‌্যাবের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, অতীতে বিভিন্ন কারণে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা এসেছিল। তবে গত দেড় বছরে আমাদের বাহিনীর কর্মকাণ্ডে এটি প্রমাণিত হয়েছে যে, র‌্যাব পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে সক্ষম। আমরা যদি আমাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখতে পারি, তবে দ্রুতই এসব নিষেধাজ্ঞা উঠে যাবে।

দেশে জঙ্গিবাদের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিজি বলেন, দেশে জঙ্গিবাদ আছে কি নেই—সে দিকে না গিয়ে আমাদের অবস্থান স্পষ্ট; জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ যেখানেই থাকুক, তা নির্মূলে র‌্যাব কাজ করে যাবে। এছাড়া চরমপন্থী ও জলদস্যুদের দমনেও আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে আহসান হাবীব পলাশ বলেন, বর্তমানে কিশোর গ্যাং একটি ভয়াবহ আকার ধারণ করেছে। শুধু মাঠপর্যায়ের সদস্যদের নয়, এই গ্যাংগুলোর পেছনে যেসব ‘গডফাদার’ বা আশ্রয়দাতা রয়েছে, তাদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।


বিগত সময়ে কথিত ‘ক্রসফায়ার’ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে র‍্যাব সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ বিভিন্ন আদালতে মামলা চলছে। এ প্রসঙ্গে ডিজি বলেন, আইনি প্রক্রিয়া অনুযায়ী ভুক্তভোগীরা মামলা করছেন। তদন্তের স্বার্থে ট্রাইব্যুনাল বা আদালত যদি কোনো ধরনের তথ্য বা সহযোগিতা চায়, তবে র‍্যাব তা প্রদানে সম্পূর্ণ প্রস্তুত।

যুগশঙ্খ